আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক (এআই) চ্যাটবট মানুষের প্রযুক্তি ব্যবহারের পদ্ধতি দ্রুতগতিতে বদলে দিচ্ছে। প্রশ্নের উত্তর দেওয়া, ই–মেইল ড্রাফট তৈরি কিংবা সঙ্গী হয়ে চ্যাটে অংশ নেওয়া ইত্যাদি সব কারণে অনেকের দৈনন্দিন জীবনে জায়গা করে নিয়েছে এই এআই টুলসগুলো।
![]() |
| Image from Freepik |
সহজ ব্যবহার ও মানুষের মতো উত্তর দেওয়ার ক্ষমতার কারণে এগুলোকে অনেকেই নির্ভরযোগ্য ভেবে থাকেন। তবে এই স্বস্তি অনেক সময় ভ্রান্ত ধারণা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চ্যাটবটের সঙ্গে অতিরিক্ত বা সংবেদনশীল তথ্য শেয়ার করলে গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস, পরিচয় চুরি, এমনকি আর্থিকভাবে ক্ষতির আশঙ্কাও থাকে। এসবের কারণ, চ্যাটবটের সঙ্গে কথোপকথন মোটেও গোপন থাকে না। অধিকাংশ চ্যাটবটেই ব্যবহারকারীর দেওয়া তথ্য সংরক্ষিত হতে পারে কিংবা সংরক্ষিত হয়ে থাকে। কখনো কখনো তা অজান্তেই পাবলিক হওয়ার ঝুঁকিও থাকে। তাই এক্ষেত্রে সতর্ক থাকার বিকল্প নেই।
আরো পড়ুন:টিকটকে সরাসরি ভয়েস মেসেজ ও ছবি পাঠানোর জন্য নতুন ফিচার!চলুন জেনে নেওয়া যাক, যে ১০ তথ্য এআই চ্যাটবটকে কখনোই দেওয়া যাবে না!
ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকুন
আপনার পূর্ণনাম, বাসার ঠিকানা, ফোন নম্বর বা ই–মেইল আলাদা আলাদা মনে হতে পারে, কিন্তু সেগুলো একত্র করলে সহজেই পরিচয় শনাক্ত করা যায়। এগুলো ফাঁস হলে প্রতারণা, ফিশিং বা শারীরিকভাবে অনুসরণের (কিডন্যাপিং) মতো ঝুঁকি তৈরি হতে পারে।
তাই চ্যাটবটকে যেকোন ধরনের ব্যক্তিগত তথ্য দেয়া থেকেও বিরত থাকুন।
আর্থিক তথ্য দেওয়া থেকে বিরত থাকুন
আপনার ব্যাংক হিসাব নম্বর, ক্রেডিট কার্ডের তথ্য কিংবা জাতীয় পরিচয়পত্র বা সোশ্যাল সিকিউরিটি নম্বর সাইবার ক্রিমিনালদের প্রধান টার্গেট। তাই চ্যাটবটে এসব দিলে তা স্টোরেজ বা ডেটাবেস থেকে হ্যাকড হতে পারে। ফলে আপনি প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হতে পারেন।
পাসওয়ার্ড কখনোই শেয়ার করবেন না
চ্যাটবটের সঙ্গে কোনো পাসওয়ার্ড শেয়ার করা একেবারেই অনিরাপদ। একবার ফাঁস হলে ই–মেইল, ব্যাংক অ্যাকাউন্ট বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল হ্যাকড হওয়ার আশঙ্কা থাকে। নিরাপত্তাবিশেষজ্ঞরা সবসময় পরামর্শ দেন, পাসওয়ার্ড কেবল নির্ভরযোগ্য পাসওয়ার্ড ম্যানেজারে রাখতে।
গোপন তথ্য বা স্বীকারোক্তি
অনেকে মানসিক চাপ কমাতে চ্যাটবটে ব্যক্তিগত কথা বলেন। কিন্তু এটি বন্ধু বা কাউন্সেলর নয়। ব্যক্তিগত গোপন তথ্য লগ হয়ে থেকে যেতে পারে, যা পরবর্তী সময়ে অনাকাঙ্ক্ষিতভাবে প্রকাশ পেতে পারে।
স্বাস্থ্যসংক্রান্ত তথ্য
চ্যাটবট চিকিৎসক নয়। তাই রোগের লক্ষণ, প্রেসক্রিপশন বা স্বাস্থ্যবিমার তথ্য শেয়ার করা ঝুঁকিপূর্ণ। এতে ভুল পরামর্শ পাওয়ার পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসাসংক্রান্ত তথ্য ফাঁস হয়ে যেতে পারে।
অশালীন বা অনুপযুক্ত কনটেন্ট
যৌনবিষয়ক কনটেন্ট, অশ্লীল মন্তব্য বা অবৈধ কোনো তথ্য চ্যাটবটে শেয়ার করলে তা রেকর্ড হয়ে থাকতে পারে। এর ফলে শুধু অ্যাকাউন্ট ব্লক হওয়ার আশঙ্কা নয়, ভবিষ্যতেও তথ্য ফাঁস হতে পারে।
অফিস বা প্রতিষ্ঠানের গোপন নথি
কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশল, গবেষণা বা গোপন নথি চ্যাটবটে কপি ও পেস্ট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ, অনেক চ্যাটবট ব্যবহারকারীর ইনপুট মডেল ট্রেনিংয়ে ব্যবহার করে। এতে প্রতিষ্ঠানের গোপনীয়তা ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
আইনি বিষয়
চুক্তি, মামলা বা ব্যক্তিগত বিরোধ নিয়ে চ্যাটবটকে তথ্য দেওয়া উচিত নয়। চ্যাটবট আইনজীবী নয়, ফলে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিতে পারে। আবার এসব তথ্য প্রকাশ হলে ব্যক্তির আইনি অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে।
সংবেদনশীল ছবি বা নথি
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ব্যক্তিগত ছবি কোনোভাবেই চ্যাটবটে আপলোড করা উচিত নয়। মুছে ফেললেও এসবের ডিজিটাল চিহ্ন থেকে যেতে পারে। পরে তা হ্যাক হয়ে পরিচয় চুরি বা প্রতারণার কাজে ব্যবহার হতে পারে।
যা প্রকাশ্যে দেখতে চান না
সবচেয়ে বড় নিয়ম হলো, যে তথ্য আপনি প্রকাশ্যে দেখতে চান না, তা কখনোই চ্যাটবটে দেবেন না। সাধারণ কথোপকথনও অনেক সময় সিস্টেমে থেকে যায়, যা ভবিষ্যতে অপ্রত্যাশিতভাবে প্রকাশ হতে পারে।
এআই চ্যাটবট নিঃসন্দেহে আমাদের কাজ সহজ করছে এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহারকে আরও গতিশীল করছে। তবে নিরাপত্তার দিক থেকে একটু অবহেলা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই সবসময় মনে রাখবেন—যে তথ্য আপনি বাস্তবে কাউকে অবাধে দিতেন না, তা কোনোভাবেই চ্যাটবটে শেয়ার করবেন না। সচেতন থাকুন, সাইবার সুরক্ষা বজায় রাখুন।
আরো পড়ুন: পুরোনো ফোন এখন চলবে রকেটের গতিতে, গোপন টিপস!