টিকটকে সরাসরি ভয়েস মেসেজ ও ছবি পাঠানোর জন্য নতুন ফিচার

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে এখন নিজেদের ব্যবহারকারীদের প্রধান যোগাযোগের মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য তীব্র প্রতিযোগিতা চলছে। তারই অংশ হিসেবে, টিকটক তাদের ডাইরেক্ট মেসেজিং বা ডিএম ফিচারে নতুন কিছু সুবিধা যোগ করেছে। এখন থেকে ব্যবহারকারীরা ডিএম-এর মাধ্যমে ভয়েস মেসেজ এবং ছবি পাঠাতে পারবেন।

Image by Solen Feyissa from Pixabay

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ-কে দেওয়া এক বিবৃতিতে টিকটক জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে এই নতুন ফিচারটি সবার জন্য চালু করা হবে। তবে, যে সকল অ্যাকাউন্টে ডিএম ব্যবহারের সুযোগ নেই, তাদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না। টিকটকের মুখপাত্র জাশেল জোনস দ্য ভার্জ-কে বলেন যে এই ডিএম ফিচারটি শুধুমাত্র ১৬ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।

ইতিমধ্যে কিছু ব্যবহারকারী ভয়েস মেসেজ ও ছবি পাঠানোর সুযোগ পাচ্ছেন। নতুন এই আপডেটে একসঙ্গে সর্বোচ্চ ৯টি ছবি বা ভিডিও পাঠানো যাবে, তবে এর দৈর্ঘ্য ১ মিনিটের বেশি হতে পারবে না। ভয়েস মেসেজ পাঠানোর সময় একটু সতর্ক থাকতে হবে, কারণ মাইক্রোফোন আইকনে চাপ দিয়ে ধরে রাখার পর আঙুল ছেড়ে দিলেই মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। যদি আপনি মেসেজটি বাতিল করতে চান, তাহলে রেকর্ডিং চলাকালীন সময়ে আইকনটি উপরের বাম দিকে টেনে নিয়ে যেতে হবে।

আরো পড়ুন: পুরোনো ফোন এখন চলবে রকেটের গতিতে, গোপন টিপস!